একজন ধর্ষিতার খুন (Murder of a Rape Victim)
তবে তোমরা কি চাও?
ধর্ষিতার আরো একটি শান্তিপূর্ণ খুনের লাশ?
ঘরে-বাইরে, ঝোপঝাড়, বাস কিংবা রেলে,
কোথাও কি আর বাদ রেখেছ তবে?
শকুনের মত চোখ দুটো দিয়ে,
লোলুপে বিলিছ ধর্ম-বর্ণ-বয়স নির্বিশেষে।
তোমাদের গায়ে তবে কিসের রক্ত?
কোন সে মানুষ কিংবা জাতির তোমরা ভক্ত?
সেদিন ত আমার বোরকা পড়া ছিল,
খোলা ছিল না অঙ্গ কিংবা ছেঁড়া যত্রতত্র।
তবে কিইবা ছিল আমার দোষ,
দেহ শোষণে কেউ করলো না কোন আপোষ।
আমার দেহে তারা উপচে পড়ে আছে,
শোষণকারীর শক্তি আমায় টুকরে টুকরে খাচ্ছে।
হাসি হাসি মুখে বিকৃত মনে চলছে দেহ ভোজ,
আমার মতই হাজারো নারী কাঁদে রোজ রোজ।
আজ কিছুই পরিবর্তন হয়নি,
আগের মতই চলছে সমগ্র লেনদেন।
বিকেলের সূর্য হেলে পড়েছে,
পাখিরা ফিরছে নিড়ে,
সবুজের ঢেউ বইছে ক্ষেতে,
শুনশান নিরবতা কেটে দূর আকাশ হতে-
চিড়ে আসছে আযানের ধ্বনী,
সব কিছুই আগের মত চলছে,
শুধু পরিবর্তনের জোয়ার বইছে দূষিতার রক্ত স্রোতে।
তীব্র লালসায় দেখছে চারটি চোখ,
থেতলে থেতলে দিচ্ছে আমার রক্তমাখা মুখ,
খুব জানতে ইচ্ছে হয়,
আমরা কি সত্যই মানুষ?
ক্ষুধার্তের সুখ মেটাতে উড়ছে মোদের লাশের ফানুস।
সারাদেশে চলছে আজ দরকষাকষি,
বেঁচে থাকা দরের চেয়ে বাজারের দর-
যেন কয়েকগুনে বেশি।
নারীর মাংস আজ কম দামেই মিলে,
ভোগের পণ্য ভোজের পণ্য সমান তালেই চলে।

No comments